ভারতীয় সংগীতের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী আশা ভোঁসলের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল (১৩ এপ্রিল) সোমবার বিকেলে মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুষ্ঠিত হয় এই শেষ বিদায় অনুষ্ঠান।
এর আগে রোববার সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে মরদেহ লোয়ার পারেলের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভক্ত-অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানান কিংবদন্তিতুল্য এই সংগীতশিল্পীকে।
শিবাজি পার্কে শেষকৃত্য অনুষ্ঠানে বলিউডের নানা প্রজন্মের তারকা, পরিচালক ও সংগীতশিল্পীরা উপস্থিত ছিলেন। শেষ বিদায়ে অংশ নেন রণবীর সিং, টাবু, বিবেক ওবেরয়, হেলেন, জ্যাকি শ্রফ, রাকেশ রোশন এবং ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ বহু বিশিষ্টজন।
স্থানীয় সময় দুপুরে সাদা-হলুদ ফুলে সাজানো গাড়িতে করে তার মরদেহ শিবাজি পার্কে নেওয়া হয়। পথের দুই পাশে ভিড় করেন অসংখ্য ভক্ত, যারা শেষবারের মতো একনজর দেখতে আসেন এই মহান শিল্পীকে।
শিবাজি পার্কে তাকে গান স্যালুট প্রদান করা হয় এবং জাতীয় পতাকায় মোড়ানো হয় তার মরদেহ, যা ছিল এক গৌরবময় রাষ্ট্রীয় বিদায়ের প্রতীক।
উল্লেখ্য, এই একই স্থানে এর আগে তার বড় বোন ও কিংবদন্তিতুল্য গায়িকা লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল।
আরও পড়ুন:আশা ভোঁসলের যে গান নিষিদ্ধ হয়েছিল রাজনীতিতে জড়ানোর গুঞ্জন নিয়ে যা বললেন জিৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনে। বিভিন্ন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন এই সংগীত কিংবদন্তিতুল্য শিল্পীকে।
এমএমএফ