দেশজুড়ে

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান : বাড়ির মালিকসহ আটক-১০

নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি জঙ্গি আস্তানায় অপারেশন হিট স্ট্রং-২৭ অভিযানে তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হওয়ার পর ওই আস্তানার তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ। এরই মধ্যে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াসহ ওই বাড়ির ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা ও ভাড়াটিয়াসহ ১০ জনকে আটক করা হয়েছে। জ্ঞিাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হবে। আটককৃতরা হলেন, বাড়িওয়ালা নূরউদ্দিন, তার স্ত্রী রুনা, ছেলে নিপুণ, সিয়াম, ভাড়াটিয়া হুমায়ূন কবীর, তার স্ত্রী ঝর্ণা বেগম, চটপটি বিক্রেতা সোলেমান, তার স্ত্রী সালমা, মেয়ে সুমাইয়া ও ভাগিনা বাবু। তিনি জঙ্গি আস্তানায় থেকে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে সত্যতা স্বীকারও করেছেন।এছাড়া এই জঙ্গি আস্তানা থেকে একটি একে-২২ রাইফেল, একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন, তিনটি চাপাতি, একটি ছোড়াসহ কয়েকটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। জঙ্গিরা তাদের এই আস্তানায় বসে নারায়ণগঞ্জে বড় ধরনের হামলা করার চেষ্টা করেছিল কিনা তা নিয়ে চলছে নানা আলোচনা। আর এ ঘটনায় গোটা নারায়ণগঞ্জে এখন থমথম অবস্থা বিরাজ করছে।উল্লেখ্য, শনিবার সকালে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এই জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট স্ট্রং-২৭’ অভিযান চালায়। অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।মো. শাহাদাত হোসেন/এআরএস