দেশজুড়ে

ঝিকরগাছার ৬ যুবক তিন বছর ধরে নিখোঁজ

যশোরের ঝিকরগাছা থেকে ৬ যুবক তিন বছর ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। বর্তমানে তারা কোথায় কিভাবে আছে তা পরিবারের কেউ জানে না। নিখোঁজ হওয়া এসব যুবকের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত জেহের আলীর ছেলে আদম ব্যাপারী হাসমত আলী ২০১৩ সালের ২ জুন তাদের মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে এদের নিয়ে যায়। দীর্ঘ তিন বছর পার হলেও আজও ওই ৬ যুবকের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি বাড়ি থেকে যাওয়ার পর থেকে ওই ৬ যুবকের কেউই বাড়ির সঙ্গে যোগাযোগ করেনি।এরা হলেন- উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী গ্রামের জোহর আলীর ছেলে হজরত আলী (৩২), পৌদাউলিয়া গ্রামের মৃত মাতুব্বর মোড়লের ছেলে নাসির উদ্দিন (৩০), বিষ্ণুপুর গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুর রহমান (৩৪), কালা মিয়ার ছেলে বরকত আলী (৩০), মৃত কুরবান আলীর ছেলে আব্দুস সামাদ (২৮)। এদিকে, এ ঘটনায় ২০১৩ সালের ১৭ জুলাই নিখোঁজ হজরত আলীর শ্যালক বিষ্ণুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল খালেক বাদী হয়ে দালাল হাসমত আলীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রটি থানার তৎকালীন দারোগা মনির তদন্ত করেন। দীর্ঘদিন নিখোঁজ থাকায় এসব পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা-মাকে নিয়ে একটু সুখের আশায় এসব যুবকরা হাসমত আলীর প্রলোভনে পড়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বর্তমানে এসব পরিবার চারিদিকে অন্ধকার দেখছে। কেউ সন্তানের অপেক্ষায়, কেউ পিতার অপেক্ষায়, কেউ স্বামী বাড়ি ফিরে আসার অপেক্ষায় দিন পার করছে। এ ঘটনায় বিষ্ণুপুর গ্রামের দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা আব্দুস সামাদের বড় ভাই আব্দুর রউফ একই গ্রামের ইমান আলীর ছেলে আদম ব্যাপারী লুৎফর রহমানের নামে মানবপাচার প্রতিরোধ আইনের মামলা করে। এ ঘটনায় লুৎফর রহমানকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠালেও বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে নিখোঁজ হজরত আলীর শ্যালক আব্দুল খালেক জানান, হাসমত আলী মালয়েশিয়ায় নেয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে ৬ জনকে ৩ বছর আগে নিয়ে গেলেও আজ পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। কয়েকবার দালাল হাসমত আলীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাতে কোনো লাভ হয়নি।জামাল হোসেন/এসএস/এবিএস