কক্সবাজার শহরতলীর বিসিক এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫১ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা। এ সময় ইয়াবা বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক মো. বেলাল হোসেন রামু উপজেলার পানিরছড়া গ্রামের শহর আলীর ছেলে।র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি শরাফত ইসলাম জানান, টেকনাফ থেকে মাইক্রোবাসে কক্সবাজার শহরে ইয়াবার চালান আসার গোপন সংবাদে কক্সবাজার-টেকনাফ সড়কের বিসিক এলাকায় বিশেষ টহল বসানো হয়।সকাল ৯টার দিকে একটি মাইক্রোবাস ওই এলাকায় পৌঁছালে র্যাব দেখে পালানোর চেষ্টা করে। র্যাব মাইক্রোবাসটি তাড়া করে মো. বেলাল হোসেনকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য দেড় কোটি টাকা। তিনি আরো বলেন, আটক পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সায়ীদ আলমগীর/এএম/এবিএস