দেশজুড়ে

অপহরণ চক্রের নারী সদস্য গ্রেফতার : দুই শিশু উদ্ধার

সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে অপহরণের সময় আমেনা আক্তার (৩৮) নামে অপহরণ চক্রের এক নারী সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে মিতু আক্তার (৮) ও মেহেরুন নেছা (৫) নামে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আদমজীর কদমতলীর নয়াপাড়ার লোকজন অপহরণকারী ওই নারীকে দুই শিশুসহ আটক করে পুুলিশে সোপর্দ করা হয়। গ্রেফতার আমেনা আক্তার ভোলার দৌলতখান থানার লেজনতলা এলাকার মঞ্জুরের স্ত্রী। এ ঘটনায় দুই শিশুর বাবা শাহজাহান মিয়া বাদী হয়ে সোমবার বিকেলে অপহরণ মামলা করেছেন। পুলিশ ও উদ্ধার হওয়া শিশুর পরিবার সূত্রে জানা গেছে, কদমতলী নয়াপাড়ার বড় পুকুর পাড় এলাকার বাসা থেকে দুই মেয়ে মিতু আক্তার ও মেহেরুন নেছা সকাল ৭টায় মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। রাস্তার মধ্যে অপহরণকারী নারী আমেনা আক্তার শিশু দুটিকে চকোলেট ও অন্যান্য খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের নিয়ে আসে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে ওই নারীকে আটক করে এলাকাবাসী গণধোলাই দেয় ও দুই শিশুকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাকে পুলিশে তুলে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ জানান, তদন্ত করে দেখা হচ্ছে অপহরণের সঙ্গে আরো কেউ জড়িত কিনা।হোসেন চিশতী সিপলু/এএম/এবিএস