কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। শনিবার ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনে পরিচয় জানা গেছে। তারা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার শাহজাহান ও এনামুল হক, ডোমার উপজেলার বাবু, ফারুক হোসেন ও আতিয়ার রহমান। অপর একজনের পরিচয় জানা যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জাগো নিউজকে জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ৩০ জন। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের গৌরিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। মো. কামাল উদ্দিন/আরএআর/পিআর