দেশজুড়ে

বিএনপি-জামায়াত চিত হয়ে শুতে পারে না : নৌমন্ত্রী

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ তারা ঘরে বসে গেছে। কুঁজোর সাধ হয় চিত হয়ে শোবার। বিএনপি-জামায়াত যতই চেষ্টা করুক তারা রাজনীতিতে কুঁজো হয়ে গেছে। তারা চিত হয়ে শুতে পারে না। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা টাউন হলে আন্তর্জাতিক কাস্টমস দিবসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গণতন্ত্রের নামে বিএনপি-জামায়াত মানুষ হত্যা করেছে, জনগণের সম্পদ পুড়িয়েছে। কিন্তু তাদের সে আন্দোলন ব্যর্থ হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সার্চ কমিটি সম্পর্কে মন্তব্যের প্রতিক্রিয়ায় নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি জন্ডিসে আক্রান্ত হয়ে গেছে। তাই ভালো জিনিস তারা দেখতে পারেন না। ফলে তারা এদেশের ভালো দেখেন না, সরকারেরও ভালো দেখেন না, মানুষদেরও ভালো দেখেন না। কুমিল্লার কমিশনার মো. মাহবুবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম, কুমিল্লা কর অঞ্চলের কমিশনার ড. সামস উদ্দিন আহমেদ, বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল মোমেন। পরে মন্ত্রী বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শনে যান এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীদের সঙ্গে বন্দরের সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এছাড়া তিনি চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। কামাল উদ্দিন/এআরএ/পিআর