দেশজুড়ে

সরকারের ভালো কিছু চোখে দেখে না বিএনপি

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি বর্তমান সরকারের ভালো কিছু চোখে দেখে না। তারা স্বাধীনতা ও উন্নয়নের শত্রু। একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষে রাষ্ট্রপতি বিএনপিসহ সব দলের সঙ্গে আলোচনা করেছেন। এরপর ৬ সদস্যের একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করার পর বিএনপি এখন ইচ্ছা করেই ওই কমিটির বিরুদ্ধাচরণ করছে। শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উদয় সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, বিএনপির একমাত্র ধর্ম হলো আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বলা, সরকারের বিরোধিতা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস-নৈরাজ্য দমন করে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সব ক্ষেত্রে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এলে খাদ্যের হাহাকার ও সন্ত্রাস-নৈরাজ্য বাড়ে, সারের জন্য দেশে লাশ পড়ে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেমের সভাপতিত্বে অারও মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, মোশারেফ হোসেন, গোলাম ফারুক হেলাল, জাহিদ হোসেন টিপু, ভিপি মাহবুব হোসেন মজুমদার, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক, নাঈমুর রহমান মাসুম প্রমুখ। কামাল উদ্দিন/এআরএ/জেআইএম