গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলেও মহানগর বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে। পাশাপাশি কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে দাবি করেছে তারা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদ্য কমিটির নেতৃবৃন্দরা তাদের প্রথম দলীয় কর্মসূচিতে জেলা আদালত প্রাঙ্গণ সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শত শত নেতাকর্মী অবস্থান নেয়। আর মহানগর বিএনপির সদ্য কমিটির নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে। তবে পূর্বের ঘোষিত অবস্থান কর্মসূচি দুই ঘণ্টা রাস্তায় অবস্থান পালনের কথা থাকলেও পুলিশের বাধার মুখে অল্প সময়ের মধ্যে কর্মসূচি সমাপ্ত করতে বাধ্য হয় বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা ও মহানগর বিএনপি আলাদাভাবে অবস্থান কর্মসূচি পালন করে।অবস্থান কর্মসূচি ২ ঘণ্টা পালনের কথা থাকলেও পুলিশের বাধার কারণে ১ ঘণ্টার কর্মসূচি সমাপ্ত করেন জেলা ও মহানগর বিএনপির নেতারা। দুটি অবস্থান কর্মসূচিতেই পুলিশ নেতাকর্মীদের ব্যানার কেড়ে নিয়ে তাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান, আবদুল হাই রাজু, মনিরুল ইসলাম রবি, ব্যারিস্টার পারভেজ আহমেদ, লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক লৎফর রহমান খোকা, এম এ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, নজরুল ইসলাম পান্না মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার, সাধারণ সম্পাদিক রহিমা শরীফ মায়া, সাংগঠনিক সম্পাদক পাপিয়া প্রমুখ। অন্যদিকে, মহানগর বিএনপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সহ-সভাপতি বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মাহাবুবউল্লাহ তপন, কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহানগর মহিলা দলের সভাপতি রাশিদা জামাল প্রমুখ। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার উদ্দেশ্যে রাস্তায় আসার ফলে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে। মো: শাহাদাত হোসেন/এএম/পিআর