নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ঘরে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে শনিবার জুয়াড়িদের থানা থেকে ছাড়িয়ে নিতে স্থানীয় একটি চক্র পুলিশের সঙ্গে দেনদরবার করতে দেখা গেছে। গ্রেফতাররা হলেন, ভোলাইল শান্তিনগর এলাকার নুরুল ইসলামের ছেলে আলামিন, আনু মিয়ার ছেলে মফিজুল, জুলহাসের ছেলে সুজন, মো. আলীর ছেলে কাজল, বারেকের ছেলে মিলন, মালু মিয়ার ছেলে মামুন, মোজাহারের ছেলে কামাল হোসেন, আব্দুর রাজ্জাকের ছেলে আওলাদ, মোস্তফার ছেলে বিল্লাল, হযরত আলীর ছেলে স্বপন, আফাজউদ্দিনের ছেলে আওলাদ হোসেন, হাবিবুর রহমানের ছেলে রিফাত ও মজিবুর রহমানের ছেলে সোহাগ। ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোলাইল শান্তিনগর এলাকায় জুয়া খেলার সময় থানার এসআই সাদেকুর রহমানের একটি টিম অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়। তাদেরকে বিকেলে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি