ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার গুরুত্বপূর্ণ স্পটে চাঁদাবাজী ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। এরমধ্যে শিমরাইল থেকে কাঁচপুর পর্যন্ত ৮টি এবং সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা`র (ওসি) কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিদউদ্দিন।এ সময় খন্দকার মহিদউদ্দিন বলেন, সিসি ক্যামেরার সাহায্যে ওসির কক্ষ থেকেই চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হবে। তিনি আরো জানান, ক্যামেরাগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এতে আমাদের ফোর্স নিয়মিতভাবে কাজ করবে। কোনো ক্যামেরা বন্ধ হলেই সঙ্গে সঙ্গে আমাদের টিম গিয়ে সেটি তদারকি করবে বলেও জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া, সহাকারী পুলিশ সুপার (সার্কেল-ক) ফোরকান শিকদার, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ ও পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম প্রমুখ।শাহাদাৎ হোসেন/এআরএ/পিআর