দেশজুড়ে

মাথায় পিস্তল ঠেকিয়ে ৫৩ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাপড় ব্যবসায়ীদের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ৫৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ভোলানাথপুর এলাকার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে ঘটে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়া ব্যবসায়ীরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর এলাকার ইব্রাহীম বেপারীর ছেলে ইমাম হোসেন জুয়েল, কমরদিয়া এলাকার জীবন সরকারের ছেলে স্বপন সরকার, হালিপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন ও ভোলা জেলার লালমোহন থানার আশুলি এলাকার আবুল হোসেনের ছেলে রাসেল।ব্যবসায়ীরা জানান, তারা রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টারে অবস্থিত স্বর্ণালী এন্টারপ্রাইজ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চলতি বছরের যাকাতের কাপড়ের টেন্ডার পান।শনিবার দুপুরে কাপড় ক্রয় করার জন্য কটি মাইক্রোবাসযোগে (ঢাকা মেট্রো-চ-১৫-৪২৪৮) নরসিংদীর বাবুরহাটের উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৩টার দিকে, কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পূর্বাচল উপ-শহরের ভোলানাথপুর এলাকায় পৌঁছা মাত্র ৪টি মোটরসাইকেলযোগে ছয়জন ছিনতাইকারী মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে মাইক্রোবাসে থাকা ওই চার ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের সঙ্গে থাকা ৫৩ লাখ টাকা লুটে নেয়। এ সময় প্রতিবাদ করায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ব্যবসায়ী ইমাম হোসেন জুয়েলকে পিটিয়ে আহত করে। এ ঘটনার সঙ্গে মাইক্রোবাসচালক শরীফ মিয়া জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বলেও জানান ওই ব্যবসায়ীরা। এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। মীর আব্দুল আলীম/এএম