দেশজুড়ে

পোশাক শ্রমিককে গণধর্ষণে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম মানববন্ধন করেছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠক জেসমিন আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, পোশাক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম শরীফ, সিপিবি নারী সেলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি শোভা সাহা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক সুলতানা আক্তার। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। যদি উক্ত ঘটনা আর পাঁচটি ঘটনার মত ধামা চাপা দেয়ার চেষ্টা করা হয় তবে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম দুর্বার আন্দোলন গড়ে তুলবে।উল্লেখ্য, গত সোমবার কাজ শেষে বাসে করে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন ওই পোশাক শ্রমিক। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাসেই ঘুমিয়ে পড়েছিলো সে। বাসের অন্যান্য যাত্রীরা নেমে যাওয়াতে উক্ত শ্রমিককে একা পেয়ে বাসচালক চান মিয়ার নির্দেশে পালাক্রমে ধর্ষণ করে বাস চালক, তার সহযোগী বাসের হেলপার রুবেলসহ ৪ জন। ধর্ষলের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অজ্ঞান হয়ে যায় সে। পরে ধর্ষণকারীরা তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। উক্ত ঘটনায় বাসের হেলপার গ্রেফতার হয়েছে। চালকসহ অন্য ধর্ষকদের গ্রেফতার করা হয়নি। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশের কোন উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি। মো. শাহাদাৎ হোসেন/এসএস/পিআর