যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বাবা দিবস উদযাপিত হয়েছে। রোববার যশোর শহরের আলমগীর সিদ্দিকী মিলনায়তনে বাবার অনুভূতি প্রকাশ, সফল তিনজন বাবাকে সম্মাননা স্মারক প্রদান ও অনুভূতিতে বাবা শীর্ষক চিঠি লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাবা দিবস উদযাপন পর্ষদ ২০১৭ উদ্যোগে এবার বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হলো।
এবার তিনজন সফল বাবাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হলেন- যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার মো. মনিরুজ্জামান, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার প্রফেসর আবু তালেব ইসলাম ও যশোর সদরের ঝুমঝুমপুর এলাকার চৌধুরী মনিরুজ্জামান।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রফেসর আবু তালেব ইসলাম বলেন, চার ছেলে এক মেয়ে সকলেই মাস্টার্স ও ডিগ্রি সম্পন্ন করে সমাজে প্রতিষ্ঠিত। কর্মজীবনে সন্তানরা কেউ লন্ডন, আমেরিকা, ঢাকা ও ময়নসিংহে অবস্থান করছে। আমি একা আছি যশোরে। সন্তানরা সবাই সফল। আমার সব কিছু থাকতেও যেন আমি একা। শেষ জীবনে মনে হয় সব সন্তানকে উচ্চ শিক্ষিত করে ভুল করেছি। অন্তত একজনকে তো কাছে পেতাম। সংবর্ধনা দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
সাংবাদিক তৌহিদ জামান বাবার স্মৃতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। ছোট্ট বেলায় বাবাকে হারিয়েছেন। বড় ভাইয়ের ছায়ায় তিনি বড় হয়েছেন। এখনও একই সঙ্গে আছেন। বড় ভাই মনিরুজ্জামানকে সংবর্ধনা দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। আয়োজক কমিটির আহ্বায়ক হারুণ অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান, প্রবীণ শিক্ষক তারাপদ দাস, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন। স্বাগত বক্তব্য রাখেন বাবা দিবস উদযাপন পর্ষদ ২০১৭ সদস্য সচিব প্রণব দাস।
এতে আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, প্রেসক্লাব যশোরের দফতর সম্পাদক তৌহিদ জামান, আইটি এক্সপার্ট ওয়াসিম হোসেন প্রমুখ।
অতিথিবৃন্দ তিনজন সফল বাবার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া অনুভূতিতে বাবা শীর্ষক চিঠি লেখা প্রতিযোগিতায় ১০জন শিশু ও দুইজন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করে।
মিলন রহমান/এএম/আরআইপি