দেশজুড়ে

স্বামীকে ডিভোর্স দিয়েও রেহাই পেলেন না গৃহবধূ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কেনার টাকা না দেয়ায় ইয়াছমিন বেগম (৩০) নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়েছে তার মাদকাসক্ত স্বামী।সেই সঙ্গে মাদকাসক্ত স্বামীকে ডিভোর্স দেয়ার পরও রেহাই পাননি গৃহবধূ। গৃহবধূ ও তার বাবাকে রাস্তাঘাটে দেখা হলেই দিচ্ছে হত্যার হুমকি।

বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াছমিন বেগম উপজেলার বড়ালু এলাকার আব্দুল রহমানের মেয়ে।

ইয়াছমিন বেগম জানান, ৫ বছর আগে একই এলাকার রহমত উল্লাহর ছেলে সজিবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের বেশকিছু দিন পর জানতে পারেন সজিবুর রহমান মাদক সেবন করেন।

প্রায় সময়ই সজিবুর রহমান গৃহবধূ ইয়াছমিনকে মাদক কেনার টাকা দেয়ার জন্য নির্যাতন করতেন। গত ২০ জুন সকালে সজিবুর রহমানের সঙ্গে ইয়াছমিনের মাদক খাওয়া নিয়ে তর্কবিতর্ক হয়।

তর্কাতর্কির একপর্যায়ে সজিবুর রহমান ইয়াছমিন বেগমকে পিটিয়ে জখম করে বাড়ি থেকে বের করে দেয়। পরে ইয়াছমিন বেগম তার স্বামী সজিবুর রহমানকে ডিভোর্স দেন।

ডিভোর্সের পর প্রায়ই ইয়াছমিন বেগমকে রাস্তায় একা পেয়ে সজিবুর রহমান বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করেন। বৃহস্পতিবার সকালে ইয়াছমিন বেগম ও তার বাবা আব্দুর রহমান রাস্তা দিয়ে যাওয়ার সময় সজিবুর রহমান তাদের পিটিয়ে আহত করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হত্যার হুমকি দেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মীর আব্দুল আলীম/এএম/জেআইএম