নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরকীয়া প্রেম ও কুপ্রস্তাবে রাজী না হওয়ায় নুরুন্নাহার বেগম (২৫) নামের এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন লম্পট সুমন। গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে। নুরুন্নাহার এই গ্রামের মারফত আলীর মেয়ে এবং স্থানীয় একটি সাইজিং মিলের শ্রমিক। নুরুন্নাহারের বাবা মারফত আলী জাগো নিউজকে জানান, মোল্লারচর গ্রামের আকবর মিয়ার ছেলে সুমন (২৭) অনেক দিন ধরে নুরুন্নাহারকে কুপ্রস্তাব এবং পরকীয়া প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে নুরুন্নাহার রাজি না হওয়ায় নানাভাবে হুমকি দিত। বৃহস্পতিবার দুপুর ১২টায় লম্পট সুমন ঘরে ঢুকে ঘুমন্ত নুরুন্নাহারের উপর কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে আশেপাশের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিব ইসমাইল ভূইয়া জাগো নিউজকে জানান, নুরুন্নাহারের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বিধায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত সুমনকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তাকে খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। মো.শাহাদাৎ হোসেন/এমজেড/আরআইপি