দেশজুড়ে

প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষার্থীসহ আহত ৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ও ঝড়ে আম কুড়ানোকে কেন্দ্র করে পৃথক স্থানে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষার্থীসহ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুর ও টাওড়া এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গোবিন্দপুর এলাকার নয়ন মিয়ার সঙ্গে একই এলাকার সিপন মিয়ার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নয়ন মিয়াসহ তাদের লোকজন সিপন মিয়া, মকবুল হোসেন, আছিয়া বেগম, রাকিব হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেন। অপর দিকে, টাওরা এলাকায় ঝড়ে একটি আম গাছে আম কুড়াতে যায় টাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া তিন শিক্ষার্থী সোমাইয়া আক্তার, শামিমা আক্তার ও তানিয়া আক্তার। আম কুড়ানোর অপরাধে আম গাছের মালিক মজিবুর রহমানসহ তার লোকজন ওই স্কুল শিক্ষার্থীদের পিটিয়ে গুরুতর আহত করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জাগো নিউজকে জানান, দুইটি ঘটনারই খবর পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। মীর আব্দুল আলীম/এমজেড/এমএস