দেশজুড়ে

রূপগঞ্জে কোটি টাকার ক্যামিকেলসহ কাভার্ডভ্যান ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লোব ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির এক কোটি ৯ লাখ টাকা মূল্যের ক্যামিকেলসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার কাদিরারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে।কভার্ডভ্যান চালক আব্দুল মান্নান জাগো নিউজকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ওষুধ তৈরির ক্যামিকেল নিয়ে একটি কভার্ডভ্যান নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার কাদিরারটেক এলাকায় পৌঁছামাত্র একটি মাইক্রোবাস যোগে ৬ থেকে ৭ জনের একদল ছিনতাইকারী কভার্ডভ্যানটি গতিরোধ করে চালক আব্দুল মান্নান ও তার সহযোগী আনোয়ার উল্লাহকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে অপর একটি গাড়ি যোগে তাদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় গ্লোব ফার্মা ওষুধ কোম্পানির মার্কেটিং কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে চালকসহ আটক দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জাগো নিউজকে জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে কভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আর ছিনতাই হওয়া ক্যামিকেল উদ্ধারের চেষ্টা চলছে।শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই