কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের খাঁন দিঘীর নামক স্থান থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি উর্দু কিতাবের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক রোহিঙ্গার নাম মোহাম্মদ উল্লাহ (২৬)। তিনি মিয়ানমার মংডু থানা এলাকার আবদুল মোনাফের ছেলে।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানা পুলিশের এসআই মোহাম্মদ মাহবুব হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সদের নিয়ে উল্লেখিত এলাকায় চেকপোস্ট বসান। একটি ম্যাজিক গাড়িতে তল্লাসি চালিয়ে আটক মুহাম্মদ উল্লাহর হাতে থাকা ব্যাগে নুরুল ইজা নামের একটি কিতাবের ভেতর থেকে ২ হাজার পিস ইয়াবা জব্দ ও তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মোহাম্মদ উল্লাহ জানান, তিনি ৪/৫ দিন পূর্বে মিয়ানমার মংডু হতে বাংলাদেশের টেকনাফে প্রবেশ করেছেন। ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করতে আমিরাবাদের উদ্দেশ্যে এসেছিল।
তিনি আরও জানান, কিতাবটি কওমী মাদরাসায় হাসতুম (চতুর্থ শ্রেণিতে) পড়ানো হয়।
আটক রোহিঙ্গার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অনুপ্রবেশকারী আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোসাইন জানিয়েছেন।
সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি