দেশজুড়ে

রাস্তা না খাল?

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় দুই কিলোমিটার রাস্তার দশা এতটাই বেহাল যেটা দেখলে রাস্তা না খাল বোঝার উপায় নেই। রাস্তা দিয়ে রীতিমত নৌকা চলাচলের উপক্রম হয়ে পড়েছে। এতে করে ওই সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। রাস্তাটিতে হেঁটে চলতেও কষ্ট হচ্ছে ওই অঞ্চলের কয়েক হাজার বাসিন্দার। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ এ অবস্থায় পড়ে থাকলেও চোখে পড়েনি নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড থেকে আমতলা হয়ে মুসলিমনগর প্রেমরোড বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা ছোটখাটো একটি খালে পরিণত হয়েছে। কয়েকটি এলাকার রাস্তা হাঁটুপানির নিচে থাকায় যানবাহন চলাচল তো দুরের কথা হেঁটেও চলাচল করতে পারছে না মানুষ। রাস্তায় হাঁটুপানি দেখলে মনে হয় এ সড়কে মানুষ নৌকা দিয়ে চলাচল করে।

মুসলিমনগরের গনজুর আলী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটিতে হাঁটুপানি রয়েছে। এই সড়কে গাড়ি চলাচল তো দূর রিকশাও চলাচল করতে পারছে না। রাস্তাটি একটি ব্যস্ততম সড়ক হলেও পানি জমে থাকায় ভুতের গলিতে পরিণত হয়েছে। রাস্তাটি দিনের পর দিন বেহাল দশায় পড়ে থাকলেও জনপ্রতিনিধিরা কোনো ব্যাবস্থা নিচ্ছেন না।

এ বিষয়ে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ঘোষণা দিয়েছেন ফতুল্লার কোনো এলাকার রাস্তা খারাপ থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা ঠিক হয়ে যাবে। পঞ্চবটি থেকে আমতলা হয়ে মুসলিমনগরের রাস্তাটিরও কাজ হবে। উপজেলা থেকে লোক এসে রাস্তাটির মাপজোপ করে গেছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই টেন্ডারের মাধ্যমে রাস্তার কাজ শুরু হবে।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস