রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলার বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মোট ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার দুপুরে র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি। উদ্ধারকৃত আলামতগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব আলামত বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, ধারণা করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা অথবা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুত করে রাখা হতে পারে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সাখাওয়াত হোসেন/এমএন/জেআইএম