বকেয়া বেতন-ভাতার দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চরম শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। রোববার বেলা ১১টার দিকে রূপগঞ্জের রূপসী এলাকায় রোবাস্ট অ্যাপারেলসে এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ওই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। গত মাসের (আগস্ট) বেতন-ভাতা চলতি মাসের (সেপ্টেম্বর) ১০ তারিখের মধ্যে দেয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ দেই-দিচ্ছি করে ঘুরাতে থাকে। রোববার সকালে কাজ করতে এসে দেখা যায়, মূল ফটকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলান রয়েছে।
এ ঘটনায় শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে মালিকপক্ষের কাছে দুই মাসের বকেয়া বেতন-ভাতা দাবি করেন। এছাড়া হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কারখানা কেন বন্ধ করে দেয়া হয়েছে- তাও জানতে চাওয়া হয়।
তবে মালিকপক্ষ এ ব্যপারে কোনো উত্তর না দেয়ায় কারখানার সামনেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে সেখানে দফায় দফায় বিক্ষোভ করতে থাকেন।
প্রায় ঘণ্টাব্যপী অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরে কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
শ্রমিকরা আরও জানান, বকেয়া বেতন-ভাতা না পাওয়ায় তারা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। মুদি দোকানদার, বাড়িওয়ালাসহ সবাই টাকার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় তারা একেবারেই নিরুপায় হয়ে পড়েছেন।
এ বিষয়ে কারখানার পরিচালক রাশেদ মোশাররফ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আদায়ের চেষ্টা চলছে।
মীর আব্দুল আলীম/এমএমজেড/আরআইপি