দেশজুড়ে

চকরিয়া-বদরখালী সড়কে ফাটল: ভেঙে পড়ার আশঙ্কা

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া অংশের সড়কে ফাটল সৃষ্টি হয়ে দেবে গেছে। রোববার সকালে অকস্মাৎ সড়কের কিছু অংশ পাশের মৎস্য প্রকল্পের পুকুরে দেবে যায়। অভিযোগ উঠেছে, সড়কের পাশ ঘেষে পুকুর খনন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতির মুখে পড়া জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামত না হলে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় অধিবাসী ও পরিবহণ সংশ্লিষ্টরা। এলাকাবাসী জানান, চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। স্থলপথে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করতে মহেশখালীর লোকজন এ সড়কটি ব্যবহার করছেন। সম্প্রতি মাতারবাড়ি দ্বীপ এলাকায় কংলা বিদ্যুৎ প্রকল্প চালু হবার পর সড়কে যান চলাচল বেড়েছে কয়েকগুণ। আর এ গুরুত্বপূর্ণ সড়কের কিনার ঘেষে ইলিশিয়ার বাবুল চৌধুরীর মালিকানাধীন জমি বর্গা নিয়ে অন্তত ১০-১২টি পুকুর খনন করে বিশেষ পদ্ধতিতে মৎস্য চাষ করছেন চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের নুরুল ইসলামসহ আরো কয়েকজন। ধীরে ধীরে পানির ধাক্কায় পাড় ভেঙে সড়কের সঙ্গে একাকার হয়ে গেছে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় নানা ধরনের গাড়ি চলাচলের চাপে সড়কের প্রায় ৫০ ফুট এলাকা দেবে গিয়ে প্রকল্পের ভেতর সরে গেছে। এ অবস্থা দেখে যানবাহন সংশ্লিষ্টরা ও স্থানীয় লোকজন মনে করছেন, যেকোনো মুহুর্তে সড়কের ভাঙন আরো বড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে।তবে মৎস্য প্রকল্পের মালিক নুরুল ইসলাম বলেন, মৎস্য প্রকল্পের পুকুর খননের কারণে নয় অতিবৃষ্টির কারণে সড়কটিতে ফাটল ধরে ভেঙে গেছে। কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া জাগো নিউজকে বলেন, কী কারণে সড়কটিতে ফাঁটল ধরলো যাচাই করে ক্ষতিগ্রস্থ অংশ দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে। কোনো জনসৃষ্ট কারণে সড়কটি ভেঙে গিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস