দেশজুড়ে

নামে মেলা, চলে মাদক আর জুয়ার খেলা

সিদ্ধিরগঞ্জের শিমরাইলের তাজ জুট মিল এলাকায় অবৈধভাবে ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় যুবলীগ নেতা নজরুল ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করেছেন। খোদ নজরুল ইসলামও মেলার অনুমতি নেই বলে স্বীকার করে জানান, এখানে ছোট ভাইরা শিশু মেলার আয়োজন করেছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, মেলা বসানোর কোনো অনুমতি নেই। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মেলা ভেঙে দেয়া হয়েছে। আবারও বসলে মেলা ভেঙে দেয়া হবে।

তবে এলাকাবাসী অভিযোগ করেন, পুলিশ মেলা বন্ধ করে দিলেও শনিবারও মেলা বসায় আয়োজকরা। অবৈধ এ মেলার কারণে ব্যাহত হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের লেখাপড়া। এ নিয়ে চিন্তিত অভিভাবকরা।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার থেকে শীতকালীন আনন্দ মেলার নামে শিমরাইল তাজ জুট মিল এলাকায় ১০ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রাতে জুয়ার আসর ও মাদক বিক্রি করা হয়। মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতাসহ বহিরাগতদের আনাগোনা বেড়েছে।

মেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম ও তার সহযোগীরা শীতকালীন আনন্দ মেলার নামে এ মেলার আয়োজন করে।

মেলায় বিভিন্ন দোকানের শতাধিক স্টল বসানো হয়েছে এবং গেট সাজানো হয়েছে। সেই সঙ্গে আলোকসজ্জা করা হয়েছে। দোকানিরা মেলায় তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। মেলায় নাগরদোলা, নৌকাসহ বিভিন্ন রাইডস বসানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মেলায় রাতে বসে জুয়া ও মাদকের আসর। মেলাকে কেন্দ্র করে মাদকসেবী ও মাদক বিক্রেতা এখানে সারারাত আড্ডা দেন।

মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম জানান, বুধবার থেকে ১০ দিনব্যাপী এ মেলা বসানো হয়েছে। এলাকার ছোট ভাইরা শিশু মেলার আয়োজন করেছে। আমি শুধু কোম্পানির কাছ থেকে মেলার জায়গার অনুমতি নিয়ে দিয়েছি।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, মেলা বসানোর কোনো অনুমতি নেই। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মেলা ভেঙে দেয়া হয়েছে। তবে আবারও বসলে মেলা ভেঙে দেয়া হবে।

হোসেন চিশতী সিপলু/এএম/জেআইএম