দেশজুড়ে

চেয়ারম্যানের পক্ষে কাজ না করায় গ্রাম পুলিশের বেতন বন্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষে কাজ না করার অভিযোগ এনে গ্রাম পুলিশ জোসনা বেগমের বেতন-বোনাস বন্ধ করে দিয়েছেন নির্বাচিত চেয়ারম্যান মাকসুদ। এমনকি জোসনার হাজিরা খাতায় স্বাক্ষর করাও বন্ধ করে দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানের রোষানল থেকে বাঁচতে ও তার প্রাপ্ত বেতন-বোনাসের দাবিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জোসনা বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের তাজপুর এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী জোসনা বেগম গত ২০০৪ সালে মে মাসের ১১ তারিখে মুছাপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ (মহল্লাদার) পদে চাকরিতে যোগদান করেন। যোগদানের পর থেকেই সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন জোসনা বেগম। অথচ ২০১৬ সালের ২১ মে থেকে বর্তমান পর্যন্ত চেয়ারম্যান মাকসুদের আক্রোশের কারণে বেতন-বোনাস বঞ্চিত রয়েছেন তিনি।

জোসনা বেগমের অভিযোগ, অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় তার বেতন-বোনাস বন্ধ করে দেয়া হয়েছে। তিনি যথাসময়ে বন্দর উপজেলা পরিষদ ও বন্দর থানায় হাজিরা দিলেও বেতন-বোনাস পাচ্ছেন না র্দীঘদিন ধরে। এছাড়া সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে জোসনার সৎ মা হালিমা বেগম চেয়ারম্যান মাকদুদের কাছে তার বিরুদ্ধে মৌখিক নালিশ দেন। এরই প্রেক্ষিতে মাকসুদ তার হাজিরা স্বাক্ষরও বন্ধ করে দিয়েছেন।

এ ব্যাপারে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

শাহাদাৎ হোসেন/এফএ/এমএস