পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতীয় ইমিগ্রেশন, কাস্টমস ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের মিষ্টিমুখ করিয়েছেন।
বুধবার ঈদের নামাজ শেষে ভারতের পেট্রাপোল সীমান্তের এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বেনাপোল কাস্টমসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের যেমনি ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তেমনি রয়েছে আত্মীয়তার সম্পর্ক। একইসঙ্গে গড়ে ওঠেছে বন্ধুত্ব। সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি রক্ষায় ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ মিষ্টির আয়োজন করা হয়। চেকপোস্টে কর্মরত আমাদের কর্মকর্তারা তাদের হাতে মিষ্টির প্যাকেট পৌঁছে দিয়েছেন। সামনের দিনেও এ ধারাবাহিকতা বজায় থাকবে।
এ নিয়ে ভারতীয় কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ কর্মকর্তারা বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষকেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
মো. জামাল হোসেন/এএম/এমএস