নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘুড়ির নাটাই দিয়ে স্ত্রীর মাথায় বাড়ি দিয়ে মেরে ফেললেন স্বামী। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরিবাড়ি শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক স্বামী জনিকে আটক করেছে পুলিশ। নিহত গৃহবধূ আলোর (২২) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গোদনাইল শান্তিনগর এলাকায় কামাল উদ্দিনের বাড়িতে স্বামীর হাতে গৃহবধূ আলো খুন হন। আলো মুন্সিগঞ্জের শ্রীনগর থানার শেলামতি গ্রামের মৃত রফিকের মেয়ে। এ ঘটনায় গৃহবধূর স্বামী জনিকে আটক করা হয়েছে। জনি শান্তিনগর এলাকার বাবুলের ছেলে। ঘটনাস্থল থেকে একটি ঘুড়ির নাটাই ও রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়েছে। নাটাই দিয়ে পিটিয়ে গৃহবধূ আলোকে খুন করা হয়েছে। গৃহবধূর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূর মামা আদর আলী বলেন, আলোর মা-বাবার মৃত্যুর পর আমরা তাকে লালনপালন করি। ৫ বছর আগে জনির কাছে বিয়ে দিই ভাগ্নিকে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য ভাগ্নিকে মারধর করত জনি ও তার পরিবার। সম্প্রতি জনির পরিবার আমাদের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে। দিতে না পারায় আমার ভাগ্নিকে খুন করা হয়।
এএম/এমএস