নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মোবাইলে গেমস দেখানোর কথা বলে এক মাদরাসা ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পারভেজকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সকালে ওই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রী।
গ্রেফতার পারভেজ ভোলার লালমোহন এলাকার ঢালীবাড়ির কাশেম ঢালীর ছেলে। তিনি পরিবার নিয়ে পশ্চিম দেলপাড়া মসজিদ সংলগ্ন মোয়াজ্জেমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বাসা পরিবর্তনের কারণে শিশুটির পরিবারের লোকজন কাজে ব্যস্ত থাকে। বিকেলে মেয়েটি মাদরাসা ছুটি শেষে বাসায় আসে। ওই সময় মেয়েটির মাসহ অন্যরা নতুন বাসায় ছিলেন। সেই সুযোগে পাশের বাড়ির ভাড়াটিয়া পারভেজ মেয়েটিকে মোবাইলে গেমস দেখানোর কথা বলে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে বের করে দেন। পরে মেয়েটির কান্না দেখে পরিবারের লোকজন মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে বিষয়টি জানায়।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর