কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী (হাতপাখা) মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তার ইশতেহারে নগর ভবন ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি।
শুক্রবার (১০ জুন) বেলা ১১টায় কুমিল্লা নগরীর সদর দক্ষিণে তার নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।
ঘোষিত ইশতেহারে মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী কুমিল্লা নগরীকে যানজট, জলাবদ্ধতা, দুর্নীতি মুক্ত, শিক্ষাব্যবস্থার অধিকতর উন্নয়ন, হিজড়া সম্প্রদায়ের পুনর্বাসন এবং জাকাত বোর্ড গঠনসহ মোট ১৩টি জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
এ সময় আরও কয়েকটি বিষয়ে প্রস্তাবনা পেশ করেন তিনি। সিটি মেয়র হিসেবে তিনি নির্বাচিত হতে পারলে ইশতেহারের শতভাগ পুরণ করবেন বলেও ঘোষণা দেন
এ সময় আরও উপস্থিত ছিলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কামরুল হাসান খোকন, জেলা সেক্রটারি মাওলানা নুর হুসাইন, নগর সেক্রেটারি এনামুল হক, নগর ছাত্র আন্দোলনের সভাপতি খালেদ সাইফুল্লাহ ও সেক্রেটারি রবিউল ইসলাম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীসহ মোট পাঁচ মেয়র প্রার্থী অংশ নিলেও শুক্রবার পর্যন্ত ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী একমাত্র নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বাকি চার প্রার্থীর কেউ এখনো পর্যন্ত তাদের ইশতেহার ঘোষণা করেননি।
আগামী ১৫ জুন সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস