কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক ও মসজিদের ইমামদের আরফানুল হক রিফাতের (নৌকা) পক্ষে প্রচারণা চালানোর নির্দেশের অভিযোগ এনে এমপি বাহারের বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি)। শনিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বরাবর এ অভিযোগ জমা দেওয়া হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদের ইমামদের নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশনার পর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে তারা নৌকার পক্ষে কাজ করছেন, যা সিটি করপোরেশন নির্বাচন আইনে সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন।
বিষয়টি যাচাইপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন মনিরুল হক সাক্কু।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জাগো নিউজকে বলেন, আনিত অভিযোগের সত্যতা পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগামী ১৫ জুন সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস