কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ সময় চালককে পিটিয়ে গাড়ি ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শাহজালাল মজুমদার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শাহজালাল মজুমদার সাংবাদিকদের জানান, দুপুরে গোপালনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে আসার পথে মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে। এ সময় প্রত্যেকের হাতেই হকস্টিকসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। গাড়িতে আমি এবং চালক ছাড়া আর কেউ ছিল না।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীদের হামলায় শিকার হয়ে আমি দৌড়ে নালঘর বাজার সংলগ্ন সামাদ মেম্বারের বাড়িতে আশ্রয় নিই। এ সময় সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। স্থানীয়রা তাদের দাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’
ইউপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ‘মনিরুজ্জামান জুয়েল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জেলা এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার চলাফেরা। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রহস্যজনক বিষয় হলো সে গ্রেফতার হয় না। এছাড়া তার কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি স্টেনগান রয়েছে। এটি নিয়ে সে প্রকাশ্যে ঘুরাঘুরি করে।’
অপরদিকে হামলার ঘটনার পর থেকে মনিরুজ্জামান জুয়েলের অস্ত্র হাতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস