সমর্থন হারিয়ে বিপাকে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ক্ষমতাসীন সরকার থেকে সরে গেছে তার কোয়ালিশনের সবচাইতে বড় দল ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টি। দুর্নীতির অভিযোগে জর্জরিত ব্রাজিলের ক্ষমতায় থাকা এখন দিলমা রুসেফের সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে। কারণ কোয়ালিশন ভাঙায় প্রেসিডেন্ট রুসেফের বিরোধীদের পক্ষে তাকে সরিয়ে দেয়ার ক্ষমতা আরো বাড়ল। খবর বিবিসির। ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টি এক ভোটে সিদ্ধান্ত নেয় যে তারা দিলমা রুসেফের সরকারের সঙ্গে আর থাকছে না। তাদের এই সিদ্ধান্ত খুব শিগগিরই কার্যকর হবে। এর অংশ হিসেবে কোয়ালিশন থেকে বের হয়ে যাওয়া পার্টির মন্ত্রীরা সবাই পদত্যাগ করবেন। সরকারি বিভিন্ন ক্ষেত্রে এই দলের ছয়শ`র মতো কর্মকর্তাও সরে যাবেন।দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রুসেফ এর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ সমর্থন হারালেন। আর তাতে শক্তিশালী হলো তার বিরোধীদের হাত। তারা দিলমা রুসেফকে অভিশংসনের চেষ্টা করবেন বলে আশংকা বাড়ছে। এপ্রিলের মাঝামাঝি সময়েই ভোটাভুটি হবে বলে ধারনা করা হচ্ছে। দেশটির সিনেট এতে সমর্থন দিলে দিলমা রুসেফ ১৮০ দিনের জন্য নিষিদ্ধ হতে পারেন।ডেমোক্র্যাটিক মুভমেন্ট পার্টির নেতা লিওনার্দো কোয়ানতাও বলেন, দিলমা রুসেফের সরকার পরিচালনার নীতির কারণে তারা সরে যেতে বাধ্য হচ্ছেন। তিনি বলেন, ব্রাজিলের নানা উৎপাদন ও আর্থিক খাত এখন আর দিলমা রুসেফকে সমর্থন করে না। তার নীতির কারণে দেশে ব্যাপক ভাবে বেকারত্ব এবং দুর্নীতি বাড়ছে।টিটিএন/এমএস