সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের দুই ছেলের বিরুদ্ধে সম্পদ বিবরণীর তথ্য গোপনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদকের) করা মামলায় হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করেছেন আপিল বিভাগ।এ রায়ের ফলে অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক (নিম্ন) আদালতের দেয়া তিন বছরের সাজা বহাল রইলো। তবে দুই ছেলের মধ্যে মৃত্যুর কারণে ড. জালাল আলমগীরের নাম মামলা থেকে বাদ এবং জয় আলমগীরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে শুনানি করেন সাবেক আইনমন্ত্রী অ্যাড. আব্দুল মতিন খসরু। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. জালাল আলমগীর ২০১১ সালে থাইল্যান্ডে সস্ত্রীক বেড়াতে গিয়ে পাতায়া বিচে পানিতে ডুবে মারা যান। তাই এখন শুধু জয় আলমগীরই এ সাজা ভোগ করবেন।উল্লেখ্য ২০০৮ সালের ২৬ জুন সম্পদের বিবরণী দাখিল না করায় দুদক জালাল আলমগীর ও জয় আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় একই বছরের ৫ নভেম্বর বিশেষ জজ আদালত তাদের তিন বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের রায় দেন। রায়ের বিরুদ্ধে মহিউদ্দীন খান আলমগীরের করা রিট আবেদনে ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি নিম্ন আদালতের রায় বাতিল করেন হাইকোর্টের তৎকালিন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুদক।এই আপিলের শুনানি শেষ করে গত ২১ মার্চ আদেশের জন্য দিন ঠিক করেছিলেন আপিল বিভাগ। কিন্তু আসামি পক্ষের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দিতে সময় দেন আপিল বিভাগ। অবশেষে আজ (৭ এপ্রিল) এই রায় ঘোষণা করলেন আদালত।এফএইচ/এমএমজেড/এএইচ/এবিএস