কাঁচা চামড়া ঢুকবে হাজারীবাগে : বিসিক


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

রাজধানীর হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশের নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এক্ষেত্রে আবারও সাত দিনের সময় দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।

রোববার মতিঝিলে এক জরুরি সংবাদ সম্মেলনে বিসিক চেয়ারম্যান হজরত আলী এসব কথা জানান।

নতুন করে বেধে দেয়া সময় অনুযায়ী আগামী ১১ এপ্রিল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে পারবে না।

চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে না- ব্যবসায়ীদের এমন অভিযোগের বিষয়ে বিসিক চেয়ারম্যান বলেন, সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ঠরা প্রস্তুত আছেন। তবে ট্যানারি মালিকরা এখন পর্যন্ত আবেদনই করেননি। তারা আবেদন করলেই এসবের সংযোগ দেওয়া হবে।

কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) সম্পর্কে তিনি বলেন, শিল্প নগরীতে ৪টি মডিউল স্থাপন করা সম্পন্ন হয়েছে। অথচ সেগুলো বর্জ্যের অভাবে সচল করা যাচ্ছে না। ফলে নদী থেকে পানি এনে এগুলো চালু রাখা হয়েছে।

জানা গেছে, ১৫৪টি ট্যানারি শিল্প কারখানার মধ্যে মাত্র ১টি কারখানা সাভারের শিল্প নগরীতে স্থানান্তর হয়েছে। বাকি ১৫৩টি প্রতিষ্ঠান এখনো হাজারীবাগে অবস্থান করছে।

এর আগে গত ২০ মার্চ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত সভায় ১ এপ্রিল থেকে কোনো কাঁচা চামড়া হাজারীবাগে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। এরপর ১ এপ্রিল থেকে সেখানে কোনো কাঁচা চামড়া প্রবেশ ঠেকাতে তৎপর  ছিল প্রশাসন।

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ২০০৯ সালে হাজারীবাগের চামড়া শিল্প স্থানান্তরের উদ্যোগ নেয়। এক হাজার ৭৮ কোটি টাকা ব্যয়ে সাভারে চামড়া শিল্প নগরী স্থাপন করেছে সরকার। ক্ষতিপূরণ হিসেবে ২৫০ কোটি টাকা অর্থিক সহযোগিতাও সরকারের পক্ষ থেকে করা হয়েছে।

এদিকে চামড়া শিল্পকে পরিবেশবান্ধব করতে প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিতে ইউরোপীয় ক্রেতাদের দিক থেকেও ওই এলাকায় ট্যানারি কারখানাগুলো স্থানান্তরের চাপ রয়েছে। এমনকি পরিবেশবান্ধব পরিকল্পিত শিল্পের শর্ত পূরণে ব্যর্থ হলে ইউরোপীয় ইউনিয়ন থেকে রফতানি নিষেধাজ্ঞারও আশঙ্কা রয়েছে। তাই ট্যানারি স্থানান্তর জরুরি বলে মনে করছে সরকার। এ কারণেই দফায় দফায় হাজারীবাগ থেকে ট্যানারির কার্যক্রম বন্ধ করার জন্য আল্টিমেটাম দিচ্ছে সরকার। শেষ চেষ্টা হিসেবে গত ২৯ ফেব্রুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি স্থানান্তরে ৩১শে মার্চ পর্যন্ত সময় বেধে দিয়েছিলেন মালিকদের। এপ্রিলের প্রথম দিন থেকে ঢাকার হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়েছিলেন তিনি।

এসআই/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।