ঢাবির ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ছবি- জাগো নিউজ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয় এলাকায় মোট ১০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মুহসীন হল সংলগ্ন ইউল্যাব স্কুল কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এছাড়া চারুকলা অনুষদ, উদয়ন স্কুল ও এনেক্স ভবনে স্থাপিত কেন্দ্রগুলোতেও ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। অধিকাংশ কেন্দ্রের সামনেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।

ঢাবির এনেক্স ভবন কেন্দ্রে ভোট দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন। ভোট প্রদান শেষে তিনি বলেন, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, দিনব্যাপী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি সকল প্রার্থীর জন্য শুভকামনা জানান।

সকাল থেকে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

এফএআর/এসএনআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।