সম্মিলিত প্রচেষ্টায় ‘ওবেই’ শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:১৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন আউটকাম বেসড এডুকেশান (ওবিই) শিক্ষাব্যবস্থার নিজস্ব কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলা করতে হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফার হায়ার এডুকেশান: ড্রাইভারস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ওবিই ক্যারিকুলাম’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে এবং শেখার প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি দক্ষতা, জ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হয়ে আন্তর্জাতিক মানে নিজেদের প্রস্তুত করতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আজকের কর্মশালায় অংশগ্রহণকারী ১৫টি বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্রতিনিধি। তারা কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সহপাঠীদের সঙ্গে ভাগ করে নেবে। সবার দক্ষতা যথাযথ মূল্যায়ন করার জন্য বিশ্ববিদ্যালয়ে ‘ওবিই’ চালু করা হয়েছে। এই কারিকুলামভিত্তিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা অর্জনে সহায়ক হবে।

কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম ও অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ।

এতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, স্কুল অব লাইফ সায়েন্সেস, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস এবং স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্ভুক্ত বিভাগের স্নাতক পর্যায়ের (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের চারজন করে শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন।

এসএইচ জাহিদ/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।