রাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের পৃথক ওয়াশরুম-অযুখানা নির্মাণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশরুম ও অযুখানার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নারী শিক্ষার্থীদের ইবাদতের পরিবেশকে সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এ উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা।
এর আগে কেন্দ্রীয় মসজিদে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নারী শিক্ষার্থীদের অযু ও অন্যান্য প্রয়োজনীয় কাজে চরম ভোগান্তির শিকার হতে হতো। নতুন এই ব্যবস্থা নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের সীমাবদ্ধতা দূর করে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মসজিদে পৃথক ওয়াশরুমের দাবি জানিয়ে আসছিলাম। বিশেষ করে নামাজের আগে অযুর উপযুক্ত স্থান না থাকায় অনেক সমস্যায় পড়তে হতো। নতুন এই ব্যবস্থা আমাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাসনিম জাহান বলেন, নারী শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। একটি বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় চর্চার জন্য এমন মৌলিক সুবিধা থাকা জরুরি।
এ বিষয়ে সাইয়িদা হাফছা বলেন, কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য ওয়াশরুম ও অযুখানার কাজ সম্পন্ন হয়েছে। এটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি ছিল, যা বাস্তবায়িত হয়েছে।
তিনি আরও বলেন, রাকসুর পক্ষ থেকে শুরু থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় তা বাস্তবায়ন সম্ভব হয়েছে। এর ফলে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ে যে সীমাবদ্ধতা ছিল, তা অনেকাংশে কমবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
মনির হোসেন মাহিন/কেএইচকে/এএসএম