কুবিতে ছাত্রী যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক


প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৪ অক্টোবর ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের প্রচার সম্পাদক ও অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের ছাত্র মাসুদ আলমকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কবি নজরুল হলের সামনের একটি টি-স্টল থেকে তাকে গ্রেফতার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর দুপুরে কুবির নওয়াব ফয়েজুন্নেছা হলের সামনে ৯ম ব্যাচের ওই ছাত্রীকে ছাত্রলীগ নেতা ছাত্র মাসুদ আলম যৌন হয়রানিসহ অকথ্য ভাষায় গালাগালি করে বলে সে থানায় লিখিত অভিযোগ করে। একই অভিযাগে ওই ছাত্রী এ ঘটনার বিচার চেয়ে প্রক্টরের নিকট লিখিত অভিযোগ করে।

এ বিষয়ে রাত পৌনে ১০টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নজরুল ইসলাম জানান, ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে মাসুদকে আটক করে থানায় আনা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও থানায় এসেছেন, তাই এখনো (রাত পৌনে ১০টা) মামলা এফআইআর কিংবা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

তবে কুবির ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ওই ছাত্রীর সঙ্গে ছাত্রলীগ নেতা মাসুদের হয়তো বাকবিতণ্ডা হয়েছে, তাকে কেউ যৌন হয়রানি করেনি, কিন্তু এ বিষয়ে প্রক্টরের নিকট ওই ছাত্রীর লিখিত অভিযোগের সুরাহা না হতে পুলিশ মাসুদকে কেন আটক করে নিয়ে গেছে তা জানি না।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।