কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের ভাঙচুর


প্রকাশিত: ০৭:২৪ এএম, ৩০ জুন ২০১৫

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার দুপুর পৌণে ১২টার দিকে কলেজের কান্দিরপাড়স্থ উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্চ মাধ্যমিকে ভর্তিকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা নবীনদের স্বাগত জানাতে সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে সমবেত হয়। দুপুর পৌণে ১২টার দিকে অনলাইনের ভর্তি প্রক্রিয়ায় রোল নম্বর নেই এমন বঞ্চিত কিছু ছাত্রলীগ কর্মী কলেজের অফিস কক্ষের আসবাবপত্র ও গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কলেজ ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কিছু সময়ে জন্য ভর্তি কার্যক্রম বন্ধ রাখে কলেজ কর্তৃপক্ষ।

উপ-পরিদর্শক (এসআই) শামসুদ্দিন জানান, বর্তমানে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ বিষয়ে দুপুর পৌণে ১টায় কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ জানান, অনলাইনের ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষের কারো হাত নেই। হয়তো ভর্তি বঞ্চিতরাই অফিস কক্ষের চেয়ার-টেবিল ও গ্লাস ভাঙচুর করেছে। তবে ভাঙচুরের বিষয়টি আমি নিশ্চিত নই। বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভর্তি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

ভাঙচুরের বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও ছাত্রলীগের দায়িত্বশীল কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।

মো. কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।