জুমার নামাজের পর সংঘর্ষে জড়ালো চবি ছাত্রলীগের দু’গ্রুপ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ ‘সিএফসি’ ও ‘সিক্সটি নাইন’।
আহতরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ রাফি, ইতিহাস ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিম হায়দার ও সমাজতত্ত্ব ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আরাফাত রায়হান।
এরমধ্যে ‘সিএফসি’ গ্রুপ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং ‘সিক্সটি নাইন’ সাধারণ সম্পাদক ইকবাল টিপুর নিয়ন্ত্রণাধীন।
এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সিক্সটি নাইনের এক কর্মীকে মারধর করে সিএফসির নেতাকর্মীরা। এ ঘটনার জের ধরে শুক্রবার উভয়পক্ষের সংঘর্ষ শুরু হয়। এসময় তিনজন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল জাগো নিউজকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের গ্রুপের রায়হান নামের এক কর্মীর ওপর হামলা করা হয়। আমরা বিষয়টা সমাধানের চেষ্টা করছি।
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে কয়েকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, পরিস্থিতি শান্ত এখন শান্ত রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোকনুজ্জামান/আরএইচ/এএসএম