অর্থসহ কোরআন উপহার পেলেন ইবির দুই হাজার শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইবি
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে অর্থসহ কোরআন উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটি।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে আনুষ্ঠানিভাবে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়া হয়।

সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

অর্থসহ কুরআন উপহার পেলেন ইবির দুই হাজার শিক্ষার্থী

এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম।

অনুষ্ঠানে আলোচক ছিলেন লন্ডন আল-কোরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ। এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উপস্থিত ছিলেন।

অর্থসহ কুরআন উপহার পেলেন ইবির দুই হাজার শিক্ষার্থী

লন্ডন আল-কোরআন একাডেমির চেয়ারম্যান ড. মুনির উদ্দিন আহমদ বলেন, ‘বাংলা ভাষাভাষী মানুষের মাত্র ৭ শতাংশ মানুষ কোরআন বোঝেন। বাকি কিছু মানুষ কোরআন পড়েন কিন্তু বোঝেন না। তবে বেশিরভাগ মানুষের কাছে কোরআন পৌঁছায়নি। অনেক প্রতিষ্ঠান আছে যারা কোরআন পড়ান এবং শেখান। কিন্তু কোরআন মানুষের কাছে পৌঁছে দেবে এমন মানুষ বা প্রতিষ্ঠান নেই। আল কোরআন একাডেমি সেই কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বের ২৫টি দেশের প্রায় দুই মিলিয়ন মানুষের কাছে কোরআন বিতরণ করেছি। সব মানুষের কাছে কোরআন পৌঁছে দিতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘কোরআন মানুষের হেদায়াতের জন্য নাজিল হয়েছে। কোরআন মানুষকে সত্য পথ দেখায়। সব অন্যায়-খারাপ কাজ থেকে দূরে রাখে। মুত্তাকি হওয়ার জন্য কোরআন বোঝা অপরিহার্য।’ এসময় তিনি শিক্ষার্থীদের পবিত্র কোরআন বুঝে পড়ার ও সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

অর্থসহ কুরআন উপহার পেলেন ইবির দুই হাজার শিক্ষার্থী

এর আগে বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটির পক্ষ থেকে কোরআন বিতরণের ঘোষণা দিয়ে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়। এতে বিভিন্ন বিভাগের দুই হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন।

মুনজুরুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।