কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীর ফাঁসি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের প্রবাসী স্বামী আব্দুস সালামকে হত্যার দায়ে শাহীনা আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার একটি আদালত।
মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলী এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক শাহিনা আক্তার (২৯) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের আবদুল আজিজ ভূইয়ার মেয়ে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, বিগত ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পরকীয়ার জের ধরে প্রাবাসী ছালামকে স্ত্রী শাহীনা ও তার প্রেমিক মাসুদ খুন করে মরদেহ বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেয়। এ ঘটনায় পরদিন নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান শাহীনা আক্তারের (২৯) বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৭ সালের ২৪ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। কিন্তু চার্জশিট দাখিলে আগেই আসামি মাসুদ আলম জেলখানায় আত্মহত্যা করেন। পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে এ মামলায় ১৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শাহীনা আক্তারকে মৃত্যুদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. রেজ্জাকুল ইসলাম খসরু এসব তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. রেজ্জাকুল ইসলাম খসরু এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. মো. মফিজুল ইসলাম।
কামাল উদ্দিন/এফএ/আরআইপি