হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:১১ এএম, ২৯ মার্চ ২০২৬

হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিনভর পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে হবিগঞ্জ ৫৫ বিজিবি।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছ- ভারতীয় অবৈধ ওষুধ, মেহেদি, মদ ও চোরাচালানে ব্যবহৃত ট্রাক। এসব পণ্য সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিজিবি। এ সময় সন্দেহভাজন ভাঙারি মালামাল বোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। ট্রাকটির ভাঙারি মালামালের নিচে থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও মেহেদি উদ্ধার করা হয়। তখন ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।

এছাড়া একই উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।