গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর কারাদণ্ড
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকায় স্ত্রী হত্যার দায়ে স্বামী হামিদ উল্লাহকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।
এ ঘটনায় অপর এক ধারায় তাকে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১০ সালের ১৮ জানুয়ারি রাতে শাশুড়ির (হামিদের মার) সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী হোসনেয়ারা বেগমের সঙ্গে হামিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে গলাটিপে হত্যার পর হামিদ তার মরদেহ বাড়ির উত্তর পাশে সাইল জমির আইলে পুতে রাখে।
পরে ঘটনাটি ফাঁস হলে হামিদের স্বীকারোক্তি অনুযায়ি ২৭ জানুয়ারি মরদেহটি উদ্ধার করে স্বজনরা। পরে এ ঘটনায় ওইদিন নিহতের বড় ভাই জামাল উদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন এবং পুলিশ হামিদকে গ্রেফতার করে।
দীর্ঘ শুনানী শেষে বুধবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক হামিদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া ওই ঘটনায় অপর একটি ধারায় হামিদকে বিচারক আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আমিনুল ইসলাম/এফএ/এমএস