ব্যাংক থেকে গ্রাহকের টাকা নিয়ে প্রতারক চম্পট
কুমিল্লায় পূবালী ব্যাংক থেকে নাজনীন বেগম নামে এক গ্রাহকের ৭ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রতারকচক্র।
বৃহস্পতিবার দুপুরের দিকে কুমিল্লা মহানগরীর চকবাজার বাণিজ্যিক এলাকা এবং চকবাজার পুলিশ ফাঁড়ির ২শ গজের মধ্যে অবস্থিত পূবালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলার এগার গ্রামের আবদুল মতিনের স্ত্রী নাজনীন বেগম (৪৫) বৃহস্পতিবার দুপুরের দিকে এফডিআর করার জন্য ৭ লাখ টাকা নিয়ে কুমিল্লা মহানগরীর চকবাজারস্থ পূবালী ব্যাংক শাখায় যান। তিনি ওই ব্যাংকের ৩টি কাউন্টারের মাঝের কাউন্টারে দাঁড়িয়ে টাকা জমা দেয়ার জন্য অপেক্ষা করছিলেন।
এসময় সংঘবদ্ধ প্রতারক দল তাকে ঘিরে দাঁড়ায় এবং ব্যাংকের মেঝেতে নাজনীন বেগমের পায়ের কাছে কিছু টাকা ফেলে দেয়। পরে টাকা নিচে পড়ে গেছে বলে অভিনব কায়দায় প্রতারক দল নাজনীন বেগমের দৃষ্টি আকর্ষণ করে। এতে নাজনীন বেগম ওই টাকা কুড়িয়ে নেয়ার জন্য ফ্লোরে বসে পড়লে প্রতারকচক্র কাউন্টারের সামনে রাখা টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
ওই ব্যাংক থেকে তড়িঘড়ি করে পালানোর সময় ব্যাংকের সিঁড়িতে ৬০ হাজার টাকার বান্ডেল ফেলে যায়। এসময় স্থানীয়রা ফেলে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার করে।
পূবালী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক মো. ইউসুফ ফারুক জানান, আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো দুর্বলতা ছিল না। প্রতারকরা নিজে টাকা ফেলে ওই গ্রাহকের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং টাকা উদ্ধার ও প্রতারক চক্রকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
কামাল উদ্দিন/এফএ/পিআর