সোনারগাঁয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী লেগুনা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় এক পুলিশ সদস্যসহ গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।
আহতদের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আহতদের মধ্যে একজনকে আশঙ্ককাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেঘনা ব্রিজের ঢালুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শেখ শরীফুল আলম জানান, শুক্রবার রাতে মহাসড়কের মোগরাপাড়া বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী লেগুনা গজারিয়ার দিকে যাচ্ছিল। পথে মেঘনা ব্রিজের ঢালুতে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান লেগুনার চালক শাহনেওয়াজ ও যাত্রী শিল্পী রায়। এসময় গাড়িতে থাকা শিল্পী রায়ের স্বামী চাঁদপুর ডিবি পুলিশের সদস্য নেপাল রায়সহ আরো পাঁচজন আহত হন। এদের মধ্যে নেপাল রায়ের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেক হাসপাতলে পাঠানো হয়।
নিহত লেগুনাচালক শাহনেওয়াজ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারুগোল্লাহ গ্রামের সৈফত আলীর ছেলে এবং শিল্পী রায়ের বাড়ি গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায়।
শাহাদাত হোসেন/বিএ