ফতুল্লায় অটোরিকশার চাপায় শিশু নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চাপায় খাদিজা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টায় ফতুল্লার মুসলিমনগর এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা ও নিহতের পরিবারের লোকজন চালকসহ অটোরিকশাটি আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত শিশু খাদিজা আক্তার কিশোরগঞ্জের বেলকুচি থানার মিটোয়ানী গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। তারা ফতুল্লার মুসলিমনগর এলাকার হাজী আফাজ উদ্দিনের ভাড়াটিয়া বাসায় থাকে।
এদিকে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় নিহত শিশুর মরদেহটি পুলিশ উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের স্বজনদের বাধার মুখে পড়ে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ আনতে না পেরে অটোরিকশাসহ চালক আলমগীরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা-২ জাগো নিউজকে জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক অটোরিকশাসহ চালক আলমগীরকে আটক করা হয়েছে।
শাহাদাত হোসেন/এফএ/আরআইপি