তনুর ময়নাতদন্তকারী চিকিৎসকদের বিচার দাবি


প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ জুন ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার ময়নাতদন্তকারী চিকিৎসকদের বিচার দাবি করেছেন তার ছোট ভাই আনোয়ার হোসেন রুবেল।

বুধবার দুপুরে ‘জাস্টিস ফর তনু’ ব্যানারে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান তিনি।

আনোয়ার হোসেন রুবেল বলেন, দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসক বোর্ডের প্রধান ডা. কামাদা প্রসাদ সাহা পরিকল্পিতভাবে মৃত্যুর কারণ গোপন রেখে উল্টো তনুর চরিত্র হননের ঘৃণ্য চেষ্টার কৌশল হিসেবে ধর্ষণের বিষয় এড়িয়ে গিয়ে ‘সেক্সুয়াল ইন্টারকোর্স’র তথ্য উল্লেখ করেন। ময়নাতদন্তকারী চিকিৎসদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।

গণজাগরণ মঞ্চের কুমিল্লা জেলার আহ্বায়ক খায়রুল আনাম রায়হান বলেন, চিকিৎসকরা তনুর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ খুঁজে পাননি, এমন চিকিৎসকদের এখনই কুমেকের ফরেনসিক বিভাগ থেকে প্রত্যাহারসহ তদন্ত করে তাদের আসল মুখোশ উন্মোচন করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা। তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনু কলেজ থিয়েটারে যুক্ত ছিলেন। তিনি টিউশনি করে ফেরার পথে খুন হন।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।