গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহত্যা
কুমিল্লায় কেরোসিন ঢেলে কলেজছাত্রী ইসরাত জাহান আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
ইসরাত জাহান মুরাদনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে এবং একই উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশকাইট কলেজের চলতি বছরের এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী জাহিদ নামের এক ছাত্রের সঙ্গে ইসরাত জাহানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে বিভিন্ন সময়ে উভয়ে অন্তরঙ্গ ছবি তোলে জাহিদ।
গত কয়েকদিন আগে ইসরাত তাদের এ সম্পর্কের বিষয়টি পরিবার মেনে নেবে না বলে জাহিদকে জানায়। এ কথা শুনে জাহিদ তার সঙ্গে সম্পর্কের কথা ও এক সঙ্গে তোলা নানান ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। এতে ইসরাত জাহান কলেজে যাওয়া বন্ধ করে দেয়।
এক পর্যায়ে বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
ইসরাত জাহান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে তার বাবা ইকবাল হোসেন মোবাইল ফোনে জানান, ‘ওরা প্রভাবশালী, তাই বিচার পাওয়ার সম্ভাবনা নেই। থানায় মামলা দিয়ে কি হবে, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি।’
রাত সাড়ে ৮টায় মুরাদনগর থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, ওই ছাত্রীর মৃত্যুর বিষয়টি জেনেছি, তবে এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
কামাল উদ্দিন/এআরএ/পিআর