উদ্বোধনের অপেক্ষায় ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্প


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৮ জুন ২০১৬

দফায় দফায় অর্থ ও সময় বাড়িয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। চার লেনের কুমিল্লা অংশের তিনটি গ্রুপে ৯৯ কি.মি. নতুন রাস্তার কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

বর্তমানে পুরনো রাস্তার ওপর ফিনিসিং ওভার লেয়ার দেয়া হচ্ছে। বৃষ্টিতে কাজ বিঘ্ন না ঘটলে ঈদুল ফিতরের আগেই কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরেজমিনে মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন ও সাত ফুট ওভারব্রিজের উদ্বোধন শেষে চার লেনের কাজের অগ্রগতি এবং আগামী ঈদুল আযহার আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের উদ্বোধন করা সম্ভব হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

প্রকল্প সূত্রে জানা যায়, কুমিল্লা অংশে ৯৯ কি. মি. চার লেন রয়েছে। এর মধ্যে প্রকল্প-১ এর অধীন মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি টোলপ্লাজা থেকে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর বাইপাস পর্যন্ত ৪৫ কিলোমিটার, প্রকল্প-২ এর অধীন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বাইপাস থেকে চৌদ্দগ্রামের নানকরা পর্যন্ত ৪১ কিলোমিটার এবং প্রকল্প-৩ এর অধীন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা থেকে মোহাম্মদ আলী পর্যন্ত ১৩ কিলোমিটার চারলেন সড়ক রয়েছে। এরই মধ্যে মহাসড়কের ৯৯ কিলোমিটার অংশের তিনটি প্রকল্পের অধীন নতুন সড়কের পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে।

বর্তমানে পুরনো রাস্তার ওপর ওভার-লে (উপরের স্তরের ফিনিসিং লেয়ার) এবং ঝুঁকিপূর্ণ কিছু স্থানে দুর্ঘটনা এড়াতে গার্ড পোস্ট স্থাপনের কাজ চলছে।

কাজের অগ্রগতির বিষয়ে অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. আবদুস সবুর জানান, ঢাকা-চট্টগ্রাম চার লেনের কুমিল্লা অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। চার লেনের নতুন রাস্তা দিয়ে এখন যানবাহন চলাচল করছে।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে বৃষ্টির কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে, নতুন রাস্তার কাজ শেষ করার পর এখন পুরনো রাস্তার ওপর ফিনিসিং ওভার লেয়ার এবং ঝুঁকিপূর্ণ কিছু স্থানে দুর্ঘটনা এড়াতে গার্ড পোস্ট স্থাপনের কাজ চলছে।  

আগামী ঈদুল আযহার আগেই চার লেন উদ্বোধন করার লক্ষ্য নিয়েই ছোটখাটো কাজ এখন দ্রুত শেষ করা হচ্ছে।  

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।